এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
- by Maria Sultana
- July 22, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো দেশের কোনো মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা শুরু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৬টি পয়েন্টে ইতোমধ্যে এআই ক্যামেরা বসানো হয়েছে।
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ জানান, আগামী তিন সপ্তাহ চালকদের সচেতন করা হবে। এরপর এআই ক্যামেরায় শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে মামলা করা হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আনা হবে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন সিসিটিভি নজরদারির আওতায় রয়েছে। পাশাপাশি ঢাকা-মাওয়া মহাসড়কেও এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ প্রকল্প পরিচালনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক সই করবে হাইওয়ে পুলিশ।
এদিকে ঢাকা থেকে তেঁতুলিয়া পর্যন্ত মহাসড়ককে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে একটি সমীক্ষা চলছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জাপানের উন্নয়ন সংস্থা জাইকা যুক্ত রয়েছে।
হাইওয়ে পুলিশের মতে, এআই ও সিসিটিভি নজরদারি চালু হলে শুধু ট্রাফিক আইন প্রয়োগই নয়, মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত চক্র শনাক্ত করাও সহজ হবে। নির্দিষ্ট তথ্য ছাড়া কোনো যানবাহন থামানো হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।
এর আগে ঢাকায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া এআই ক্যামেরায় ৩০ জুন পর্যন্ত ১ হাজার ৫০০টি মামলা করা হয়েছে। বর্তমানে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে এ প্রযুক্তি চালু রয়েছে। গতিসীমা অতিক্রম, ঝুঁকিপূর্ণ লেন পরিবর্তন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ডিজিটাল পদ্ধতিতে মামলা করছে।
সূত্র: সমকাল/ স/হ/ন ২২/০৭/২০২৬

