সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত, আপিল বিভাগে শুনানি ১৭ নভেম্বর
- by Ibrahim Akon
- November 12, 2025
- 75 views
ডেস্ক রিপোর্ট: হত্যাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পাঁচটি পৃথক আবেদন ১৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও মারাত্মক জখমের অভিযোগে দায়ের করা পাঁচটি মামলায় কারাগারে থাকা আইভীকে ৯ নভেম্বর হাইকোর্ট জামিন দিয়েছিল। এসব মামলার মধ্যে তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
এরপর রাষ্ট্রপক্ষ ১০ নভেম্বর তিন মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে, যা সেদিন চেম্বার আদালতে উঠলেও ‘নট টুডে’ (অর্থাৎ সেদিন শুনানি নয়) বলা হয়। পরবর্তীতে বাকি দুটি মামলার জামিন স্থগিত চেয়ে আরও দুটি আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ (বুধবার) পাঁচটি আবেদন একসঙ্গে চেম্বার আদালতের কার্যতালিকায় আসে এবং আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও আইনজীবী এস এম হৃদয় রহমান।
পরে আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, “চেম্বার আদালত পাঁচ মামলায় হাইকোর্টের জামিন স্থগিত করেছেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে (কোর্ট নং–২) ১৭ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হন এবং টানা তিনবার মেয়র নির্বাচনে জয়ী হন তিনি।

