মালয়েশিয়ায় অভিযানে আটক ১১৩ অবৈধ অভিবাসী, ৮১ জন বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় যৌথ অভিযানে ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটক ব্যক্তিদের মধ্যে ৮১ জনই বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্প এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে অভিবাসী কর্মী নিয়োগের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে মোট ১৪৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। পরে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ১০৭ জন পুরুষ ও ছয়জন নারী।

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। এর মধ্যে বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ৬১ জন, অনুমোদিত সময়ের বেশি অবস্থানের অভিযোগে ২৬ জন, অন্য একটি আইনি ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক সবাইকে পরবর্তী তদন্তের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে।

অভিযানে পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট, পাহাং অভিবাসন বিভাগ এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) ৭০ জন কর্মকর্তা অংশ নেন। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৬/০৭/২০২৬

Related Articles