বিয়ের পিঁড়িতে বসছেন অনিশা পাড়ুকোন
- by Maria Sultana
- November 30, 2025
- 20 views
ছবি: সংগৃহীত
পাড়ুকোন পরিবারে নেমেছে খুশির হাওয়া। খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের ছোট মেয়ে, দীপিকা পাড়ুকোনের বোন অনিশা পাড়ুকোন খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। হবু বর রোহন আচার্য পেশায় ব্যবসায়ী পরিবারের ছেলে এবং দুবাই-ভিত্তিক উদ্যোক্তা।
৩৪ বছরের অনিশা তিন বিষয়ে স্নাতক— মনস্তত্ত্ব, অর্থনীতি ও সমাজতত্ত্বে। পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে দিদি দীপিকার মানসিক স্বাস্থ্য উদ্যোগ ‘লাভ, লিভ, লাফ’-এর কর্ণধার হিসেবে সংস্থার প্রচার, কৌশল ও উন্নয়ন–সম্পর্কিত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান।
রোহন আচার্য সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় নন, তবে বলিউডের বহু তারকা তাকে অনুসরণ করেন। দুবাইতেই বড় হওয়া রোহন কিংসটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বর্তমানে তিনি পারিবারিক ব্যবসা ছাড়াও ব্লুগ্রাউন্ড কোম্পানির বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
রোহনের পারিবারিক শেকড়ও বেশ তারকাময়— তার নানাবাড়ির দাদা-দাদি ছিলেন পরিচালক বাসু ভট্টাচার্য ও রিঙ্কি ভট্টাচার্য। রিঙ্কি আবার কিংবদন্তি নির্মাতা বিমল রায়ের কন্যা। ফলে অনিশার নতুন যাত্রায় বাঙালি যোগও জড়িয়ে থাকছে।

