ড. ইউনূসের প্রতি জনগণের ব্যাপক আস্থা
- by Maria Sultana
- December 2, 2025
- 37 views
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষ ব্যাপক আস্থা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেশব্যাপী পরিচালিত এক সাম্প্রতিক জরিপে এ চিত্র উঠে এসেছে।
আইআরআই–এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এ জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ মনে করেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। আর ৭০ শতাংশ জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের পারফরম্যান্সে সন্তুষ্ট।
আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন,
“স্পষ্ট বোঝা যাচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তাঁর এবং সরকারের প্রতি জনগণের আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের প্রতি উচ্চ প্রত্যাশা প্রকাশ করে।”
ভোটারদের মধ্যে উচ্চ আগ্রহ
জরিপে দেখা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের আগ্রহও বেশ ইতিবাচক।
-
৬৬% ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে খুবই আগ্রহী।
-
২৩% বলেছেন তারা কিছুটা আগ্রহী।
এ ছাড়া ৮০% অংশগ্রহণকারী বিশ্বাস করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
জোহান্না কাও আরও বলেন,
“বাংলাদেশিদের এই উৎসাহ প্রমাণ করে, সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে। নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার উদ্দেশ্যে তারা এসব জরিপ করে থাকে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ০২/১২/২০২৫

