আলজেরিয়ার শিশু কল্যাণকেন্দ্রে আগুন, নিহত ১১
- by Maria Sultana
- July 16, 2026
- 5 views
ছবি: সংগৃহীত
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলের মোহাম্মাদিয়া এলাকায় একটি রাষ্ট্র পরিচালিত শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’-এ আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা দিয়ে থাকে।
আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানায়, আহতদের মধ্যে ১০ জন আগুনে দগ্ধ হয়েছেন, দুজন ধোঁয়ায় শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ এবং সাতজন মানসিক আঘাতের জন্য চিকিৎসা নিচ্ছেন। উদ্ধারকর্মীরা বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়ায় আচ্ছন্ন ভবন থেকে বাসিন্দাদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় উদ্ধারকর্মীদের।
অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রম তদারকি করেন। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৬/০৭/২০২৬

