আইপিএল নিলাম ১৬ ডিসেম্বর: টপ প্রাইস ব্র্যাকেটে মোস্তাফিজ
- by Maria Sultana
- December 2, 2025
- 25 views
ছবি: সংগৃহীত
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। এখন পর্যন্ত নিলামে নাম লিখিয়েছেন বিশ্বের ১৪টি দেশের মোট ১,৩৫৫ ক্রিকেটার। এর মধ্যে ৪৫ জন খেলোয়াড় সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছেন। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান রয়েছেন সেই সর্বোচ্চ ক্যাটাগরিতে, আর সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।
ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানায়, ৩০ নভেম্বর নিবন্ধনের শেষ দিন শেষে আইপিএল কর্তৃপক্ষ সোমবার ফ্র্যাঞ্চাইজি দলগুলোর হাতে সব নিবন্ধিত খেলোয়াড়ের তালিকা তুলে দেয়।
৭৭টি জায়গা খালি, তার মধ্যে ৩১টি বিদেশিদের জন্য
আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন করে খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারবে। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিগুলোর দলে ৭৭টি জায়গা খালি, যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়দের জন্য নির্ধারিত।
ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথমে নিবন্ধিত তালিকা থেকে নিজেদের পছন্দের খেলোয়াড়ের নাম জমা দেবে। সেই তালিকার ভিত্তিতে আইপিএল কর্তৃপক্ষ তৈরি করবে সংক্ষিপ্ত তালিকা। এই তালিকা জমা দেওয়ার শেষ দিন ৫ ডিসেম্বর।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় ভারতের মাত্র দুজন
দুই কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্য তালিকায় ভারতের মাত্র দুজন ক্রিকেটার আছেন—
-
ভেঙ্কটেশ আইয়ার
-
রবি বিষ্ণোই
বাকি ৪৩ জনই বিদেশি ক্রিকেটার। ১৪টি দেশ থেকে খেলোয়াড়েরা এবার নিলামের জন্য নিজেদের নাম দিয়েছেন।
মূল আকর্ষণ ক্যামেরন গ্রিন?
মিনি নিলামের সম্ভাব্য আলোচনায় সবচেয়ে বড় নাম অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত বছর চোটের কারণে তিনি মেগা নিলামে অংশ নেননি।
এবার কলকাতা নাইট রাইডার্স (বাজেট ৬৪.৩ কোটি রুপি) এবং চেন্নাই সুপার কিংস (৪৩.৪ কোটি রুপি) তার প্রতি আগ্রহ দেখাতে পারে। উভয় দলের বিদেশি কোটা খালি আছে। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসরের পর কলকাতার শূন্যস্থান পূরণের প্রধান সম্ভাব্য তারকা হিসেবে গ্রিনকে বিবেচনা করা হচ্ছে।
নিবন্ধন করেননি ম্যাক্সওয়েল
নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় নেই অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এবারের মিনি নিলামে তিনি অংশ নিচ্ছেন না।

