খালেদা জিয়া গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। তার স্বাস্থ্য নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

সাবেক প্রধানমন্ত্রীর সবশেষ শারীরিক অবস্থা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া সিসিইউতে আছেন। আগের মতো আজও তার চিকিৎসা চলছে। এটাই সবশেষ আপডেট। অন্য যে যাই বলুক, কেউ যেন বিভ্রান্ত না হয়।

‘যদিও তিনি সঙ্কটের মধ্যে, গুরুতর অসুস্থ। কিন্তু গতকাল পর্যন্ত যে শারীরিক অবস্থায় ছিলেন আজও সে রকমই আছেন।’

বিভ্রান্তির বিষয়ে রিজভী বলেন, ‘নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেয়। আমি যেটা বললাম এটাই হলো খালেদা জিয়ার সবশেষ আপডেট।’

রাজধানীতে এক দোয়া মাহফিলে সোমবার তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন। তিনি সারা দেশের নেত্রী, জাতীয় নেত্রী। সারাদেশের মানুষ আজ তার জন্য দোয়া করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন। উনাকে যেন সুস্থ অবস্থায় আবারও দেশবাসীর মাঝে ফিরিয়ে দেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সতর্কতার সঙ্গে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। দলটি এক বিবৃতিতে জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য গণমাধ্যমে জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। এছাড়া অযাচিত, যাচাই বাছাইহীন, বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 

Related Articles