অবসর ভাঙা নিয়ে কোহলির স্পষ্ট জবাব
- by Maria Sultana
- December 1, 2025
- 32 views
ছবি: সংগৃহীত
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন চলছিল। ভারতের টেস্ট ব্যর্থতার পর অনেকেই আশা করেছিলেন, হয়তো আবার সাদা জার্সিতেই দেখা যাবে সমসাময়িক সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। তবে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর নিজেই সকল জল্পনার ইতি টানলেন কোহলি।
৫২তম ওয়ানডে সেঞ্চুরি করে ভারতকে জয়ের পথে নিয়ে যান কোহলি। ম্যাচশেষে প্রেজেন্টেশনে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন— আন্তর্জাতিক ক্রিকেটে এখন থেকে তিনি কেবল একটি ফরম্যাটেই খেলবেন— ওয়ানডে ক্রিকেট।
কোহলি বলেন, ‘এভাবেই চলবে। আমি শুধু একটি ফরম্যাটেই খেলছি।’
৩৭ বছর বয়সি এই ব্যাটার জানান, কেন তিনি এখনো খেলতে উদগ্রীব—
‘যখন তুমি ৩০০-র মতো ম্যাচ খেলেছ, তখন বুঝবে কখন রিফ্লেক্স ঠিক আছে, শরীর মানিয়ে নিচ্ছে। যতদিন ভালোভাবে বল খেলতে পারছি, ততদিন এটা শারীরিক ফিটনেস, মানসিক প্রস্তুতি আর উত্তেজনার বিষয়।’
কোহলির মন্তব্য এসেছে এমন সময়ে, যখন ভারতের টেস্ট দল টানা ব্যর্থতার মুখে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ ব্যবধানে সিরিজ হারের পর, তার আগের বছর নিউজিল্যান্ডের কাছে ০–৩ ব্যবধানে হোয়াইটওয়াশ— সব মিলিয়ে চাপ বাড়ছিল সিনিয়রদের টেস্টে ফেরানোর।
যদিও বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে কোহলি বা রোহিতকে টেস্টে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। দুইজনই এ বছর মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।
ওয়ানডে ফরম্যাটেই ক্যারিয়ারের শেষ অধ্যায় খেলতে চান— রাঁচির সেঞ্চুরির পর বিরাট কোহলি যেন সেই সিদ্ধান্ত আরও স্পষ্ট করে দিলেন।

