৩৮ বছরে রেকর্ড গড়লেন লুইজ

ছবি: সংগৃহীত

গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে সাইপ্রাসের ক্লাব পাফোস। ম্যাচের ১৮ মিনিটে দলের প্রথম গোলটি করে ইতিহাস গড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ।

৩৮ বছর বয়সী লুইজ চ্যাম্পিয়নস লিগে আশির দশকে জন্মানো ফুটবলারদের মধ্যে প্রথম গোলদাতা হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান। একই সঙ্গে আট বছর পর এই প্রতিযোগিতায় নিজের প্রথম গোলও পেলেন তিনি। এর আগে ২০১৭ সালে চেলসির হয়ে রোমার বিপক্ষে করেছিলেন সর্বশেষ গোলটি।

এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন লুইজ। এতদিন এই অবস্থানে ছিলেন ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি, যিনি ২০১৪ সালে ৩৮ বছর ৫৯ দিন বয়সে গোল করেছিলেন।

লুইজ গত রাতে ৩৮ বছর ২১৮ দিন বয়সে গোল করে টট্টিকে পেছনে ফেলেছেন। তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে—২০২৩ সালে শাখতার দোনেস্কের বিপক্ষে ৪০ বছর ২৯০ দিন বয়সে গোল করে তিনি এই রেকর্ড গড়েন। 

Related Articles