ডেমরায় শতাধিক আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান
- by Maria Sultana
- November 28, 2025
- 35 views
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
অওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাওলানা শাহাদাত হোসেনের নেতৃত্বে বিএনপিতে আসা নেতাকর্মীরা ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। উভয় দলের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনে একযোগে অংশ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠানে মাওলানা শাহাদাত হোসেন বলেন, “বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে বিএনপি করতাম। পরে আওয়ামী লীগের চাপের মুখে দীর্ঘ সময় সেখানে থাকতে বাধ্য হয়েছিলাম। বর্তমান পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের সম্মান পেয়ে আমি আবারও বিএনপিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছি।”
ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান জানান, “বিএনপি কখনো ধ্বংসাত্মক বা প্রতিশোধমূলক রাজনীতি করে না। বিএনপি শহীদ জিয়ার আদর্শ লালন করে তারেক জিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ঢাকা-৫ আসনের নেতা নবীউল্লাহ নবী সকলকে একসঙ্গে নিয়ে রাজনীতি করতে চান। তাই আজ আওয়ামী লীগের একটি বিশাল অংশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, যা আমরা সাদরে বরণ করেছি।”সূত্র: যুগান্তর/ স/হ/ন ২৮/১১/২০২৫

