জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
- by Maria Sultana
- July 15, 2026
- 5 views
ছবি: সংগৃহীত
ঐতিহাসিক ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন শহীদ হন। তিনি উল্লেখ করেন, আবু সাঈদের বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়।
তিনি শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরামসহ ১৬ জুলাইয়ের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। রাষ্ট্রীয় নিপীড়ন ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে ছাত্র-জনতার সাহসী প্রতিরোধ জাতির বিবেককে জাগ্রত করেছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদ, দুর্নীতি, গুম, খুন, দমন-পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের মানুষ নতুনভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যতের বাংলাদেশ গঠনের প্রেরণা হয়ে থাকবে।
বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও নাগরিক অধিকারভিত্তিক একটি নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাকেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি সব শহীদের রুহের মাগফিরাত এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

