খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও মোনাজাত

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আজ (শুক্রবার) সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে এই দোয়া চাওয়া হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়। এর আগে ১৫ অক্টোবরও তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

এদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তিনি দেশে ফিরে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা চলিয়ে যান। ৬ মে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী।

Related Articles