ঘরের মাঠেই হার, দল নির্বাচনে গম্ভীরকে দোষ দিচ্ছেন শ্রীকান্ত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠেই বিব্রতকর ব্যর্থতার মুখে ভারত। ইডেনে ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও হারের পর, গুয়াহাটি টেস্টেও পরাজয়ের দোরগোড়ায় ঋষভ পন্থের দল।

এই ব্যর্থতার কারণে সরাসরি প্রধান কোচ গৌতম গম্ভীরকে দায়ী করেছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণচামারি শ্রীকান্ত। তার মতে, দল নির্বাচনে গম্ভীরের ভুল সিদ্ধান্ত ভারতকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।

নিজের ইউটিউব ভিডিওতে শ্রীকান্ত প্রশ্ন তুলেছেন—
“অক্ষর প্যাটেল কেন খেলছে না? সে কি অনফিট ছিল? সব ফরম্যাটে তো ধারাবাহিক খেলছিল। এত কাটাকাটি আর পরিবর্তন কেন?”

তিনি আরও বলেন,
“কুলদীপ বলেছিল পিচে কিছুই নেই। কিন্তু পরের দিনই দেখলাম ভারতীয় ব্যাটাররা সিমন হার্মার, কেশাভ মহারাজের বলে স্লিপে ক্যাচ দিচ্ছে; আবার জেনসেনের বাউন্সারেও আউট হচ্ছে।”

অধিনায়কত্ব নিয়েও শ্রীকান্তের তির্যক মন্তব্য—
“তারা বলবে এটা তার স্বাভাবিক খেলা, কিন্তু সে তো অধিনায়ক। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করা কি তার উচিত নয়?”

ভারতীয় ক্রিকেটে এ পরাজয়গুলো এখন গম্ভীরের সিদ্ধান্ত ও ব্যাটারদের শৃঙ্খলা—উভয় নিয়েই প্রশ্ন তৈরি করেছে।

Related Articles