সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক
- by Maria Sultana
- July 15, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের জন্য একাদশ চূড়ান্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
সবচেয়ে বড় চমক, নিয়মিত একাদশের সদস্য রদ্রিগো দে পলের জায়গায় ডান দিকের মিডফিল্ডার হিসেবে খেলবেন জুলিয়ানো সিমিওনে। সুইজারল্যান্ডের বিপক্ষে জেতা দলের তুলনায় এটিই একমাত্র পরিবর্তন।
ম্যাচের আগে স্কালোনি বলেন, প্রতিপক্ষকে মাথায় রেখে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং দলের সবাই ভালো অবস্থায় রয়েছে।
শেষ মুহূর্ত পর্যন্ত নিকোলাস গনসালেসের একাদশে থাকার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সুযোগ পেয়েছেন দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে থাকা। এর আগে তিনি জর্ডানের বিপক্ষেও শুরু থেকে খেলেছিলেন।
দে পল স্কালোনির অধীনে আর্জেন্টিনার অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হলেও মিশরের বিপক্ষে ম্যাচ থেকেই তার একাদশে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতায় সেমিফাইনালে তাকে বেঞ্চে রাখা হয়েছে।
আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে, এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৬/০৭/২০২৬

