চরম লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেট, বিপাকে এইচএসসি পরীক্ষার্থী ও জনজীবন

ছবি: সংগৃহীত

গত ১০ থেকে ১২ দিন ধরে সিলেটজুড়ে তীব্র লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। দিন-রাত ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পাশাপাশি ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ মানুষও চরম দুর্ভোগে রয়েছেন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ।

পরীক্ষার্থী সুমনা আক্তার বলেন, পরীক্ষা চলাকালেই বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমে ফ্যান ছাড়া পড়াশোনা করা খুবই কষ্টকর। অভিভাবক আব্দুস সালাম বলেন, বিদ্যুতের এমন সংকট চলতে থাকলে ভবিষ্যতে এ নিয়ে বড় ধরনের আন্দোলন হতে পারে।

নগরবাসীর অভিযোগ, দুপুর, বিকেল, সন্ধ্যা এমনকি গভীর রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সফটওয়্যার ডেভেলপার আনজুম লুবাবা জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে তার রিমোট কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ইমাম হোসেন বলেন, সিলেটে দৈনিক বিদ্যুতের চাহিদা ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিড থেকে মিলছে মাত্র ১৪০ থেকে ১৫০ মেগাওয়াট। উৎপাদন না বাড়লে পরিস্থিতির উন্নতি কবে হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

Related Articles