দাবানলের ধোঁয়ায় টরন্টোর বাতাস সবচেয়ে দূষিত
- by Maria Sultana
- July 15, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
কানাডার বনাঞ্চলের দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টোর আকাশ। বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে রেকর্ড করা হয়েছে টরন্টোকে। এ পরিস্থিতিতে ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডা’ শহরটির জন্য অরেঞ্জ এয়ার কোয়ালিটি সতর্কতা জারি করেছে।
উত্তর-পশ্চিম অন্টারিওর দাবানলের ধোঁয়া দক্ষিণে নেমে এসে পুরো গ্রেটার টরন্টো এরিয়াকে আচ্ছন্ন করেছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত অনেক এলাকায় নিম্নমানের বাতাস বজায় থাকতে পারে।
বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir-এর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টার দিকে টরন্টোর বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত অবস্থানে ছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধোঁয়ার কারণে চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া, মাথাব্যথা ও কাশি হতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও তীব্র কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ ঝুঁকিতে রয়েছেন ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, গর্ভবতী নারী, শিশু ও শ্বাসযন্ত্রের দীর্ঘমেয়াদি রোগীরা।
কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার, জানালা-দরজা বন্ধ রাখার, পর্যাপ্ত পানি পান করার এবং শীতল পরিবেশে থাকার পরামর্শ দিয়েছে।
এদিকে বায়ুদূষণের কারণে বুধবার CampTO-এর সব বহিরাঙ্গন কার্যক্রম বাতিল, স্থগিত বা ইনডোরে স্থানান্তর করা হয়েছে।
এর পাশাপাশি টরন্টোতে তাপপ্রবাহও অব্যাহত রয়েছে। বুধবার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতার কারণে তা ৩৬ ডিগ্রির মতো অনুভূত হতে পারে। কর্তৃপক্ষ বলছে, তীব্র গরম ও দাবানলের ধোঁয়া মিলিয়ে স্বাস্থ্যঝুঁকি আরও বেড়েছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৬/০৭/২০২৬

