প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের আহ্বান জোবাইদা রহমানের
- by Maria Sultana
- July 1, 2026
- 7 views
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী-পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জোবাইদা রহমান শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমাতে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করলেও জীবনরক্ষাকারী আইসিইউ সুবিধার বড় অংশ এখনো রাজধানী ও বড় শহরকেন্দ্রিক।
বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জোবাইদা রহমান জানান, বর্তমানে দেশে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র ১ দশমিক ৭টি আইসিইউ শয্যা রয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় কোনো ধরনের আইসিইউ নেই এবং মোট আইসিইউ সুবিধার ৮০ থেকে ৯০ শতাংশই ঢাকাকেন্দ্রিক।
তিনি বলেন, এই বৈষম্যের কারণে প্রত্যন্ত অঞ্চলের নবজাতক, গর্ভবতী নারী, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়স্ক ব্যক্তি এবং দুর্ঘটনায় গুরুতর আহত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অকালমৃত্যুর ঝুঁকিতে পড়ছেন।
তিনি আরও বলেন, শুধু আইসিইউ শয্যার নয়, বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিরও বড় ঘাটতি রয়েছে। সীমিত সক্ষমতার মধ্যেও পরিকল্পিত উদ্যোগ ও দৃঢ় সংকল্পের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
গুরুতর রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে আধুনিক অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন ডা. জোবাইদা রহমান। একই সঙ্গে সীমাবদ্ধতার মধ্যেও নিরলসভাবে কাজ করে যাওয়া দেশের চিকিৎসকদের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

