বাণিজ্যিক ব্যাংকের এমডি-পদে যোগ্যতার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অভিজ্ঞ কর্মকর্তারাও এখন থেকে সরাসরি শীর্ষ নির্বাহী পদে আসীন হতে পারবেন।

বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থীকে এমডি পদে যোগ্য বিবেচিত হতে হলে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্মিলিত বা এককভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর আগে এমডি বা সিইও পদে যোগ্যতার জন্য দুই বছরের অভিজ্ঞতা যথেষ্ট ছিল।

সার্কুলারে এমডি পদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প যোগ্যতার মানদণ্ডও যোগ করা হয়েছে। ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের সিনিয়র পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা এবং জাতীয় বেতন স্কেলের গ্রেড-২-এ কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরাও এখন সরাসরি এমডি পদে মনোনীত হতে পারবেন।

এই নতুন বিধানের ফলে নিয়ন্ত্রক সংস্থার অভিজ্ঞ ও উচ্চ পর্যায়ের কর্মকর্তা-রাও বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী পদে আসার সুযোগ পাবেন।

Related Articles