বাংলাদেশের পাট, বস্ত্র ও সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগে আগ্রহ চীনের
- by Maria Sultana
- November 28, 2025
- 41 views
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র ও ওষুধশিল্পে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীনা বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ এসেছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং দোংনিং ও ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রেসিডেন্ট ড. মা জুন এ আগ্রহের কথা জানান।
চীনা পক্ষ জানায়—
-
অবকাঠামো খাতে দীর্ঘদিন বিনিয়োগের পর এখন তারা উৎপাদন খাতে মনোযোগ দিচ্ছে।
-
বিশেষ আগ্রহ রয়েছে রুফটপ সোলার, পাটভিত্তিক জ্বালানি, বায়োসার ও প্লাস্টিকের বিকল্প তৈরির প্রকল্পে।
-
চীনা প্রতিষ্ঠানগুলো বছরে ১০ লাখ টন পর্যন্ত পাট ব্যবহার করে যৌথভাবে শিল্প স্থাপনে আগ্রহী।
-
এআই ও ই-কমার্স খাতেও বিনিয়োগের সুযোগ বিবেচনা করছে চীন।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন—
বাংলাদেশকে রপ্তানি হাবে রূপান্তর করা সম্ভব হলে উন্নত দেশসহ চীনেও রপ্তানি বাড়বে। ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতকে তিনি চীনা বিনিয়োগের জন্য বিশেষ সম্ভাবনাময় হিসেবে তুলে ধরেন। পাশাপাশি তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কারখানা স্থাপনের আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, দেশের বিপুল তরুণ শ্রমশক্তি ও বন্ধ পাটকলগুলোকে যৌথভাবে কাজে লাগানোর বড় সুযোগ তৈরি হয়েছে। দক্ষিণ চীনের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হলে আঞ্চলিক সংযোগ আরও বাড়বে।
বৈঠকে প্রধান উপদেষ্টা হংকংয়ের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সূত্র: যুগান্তর/ স/হ/ন ২৮/১১/২০২৫

