ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ ফখরুলের
- by Maria Sultana
- July 2, 2026
- 6 views
ছবি: সংগৃহীত
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সরকার ইতোমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি সক্রিয়ভাবে কাজ করছে।
বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এখনো মশার লার্ভা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং অনলাইনভিত্তিক প্রচারণা আরও জোরদার করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আইইউপিএইচপিএসপি প্রকল্পও ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

