ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন

ছবি: সংগৃহীত

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। গত সাত মাস ধরে তিনি অসুস্থ এবং প্রায় ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা গ্রহণ করছেন। চিকিৎসকদের মতে, তার টিউমারটি মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভের কাছে অবস্থান করায় অপারেশন করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে তার একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (২৬ নভেম্বর) নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ গণমাধ্যমকে অভিনেতার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট দেন।

তিনি জানান, ইলিয়াস কাঞ্চন এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। আগে কথা বলতে সমস্যা হলেও তা এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন। টিউমারের উল্লেখযোগ্য অংশ অপসারণ করা হয়েছে, আর বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এ মুহূর্তে তার মেডিসিন কোর্স চলছে। কোর্স শেষ হলে নতুন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। রিপোর্ট ভালো হলে দেশে ফেরার সম্ভাবনাও রয়েছে বলে জানান লিটন এরশাদ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়।

Related Articles