এভারকেয়ারে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থার কারণে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার পর থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। প্রয়োজনীয় লোকজন ছাড়া অন্য কাউকে সেখানে ভিড় করতে দেওয়া হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে—রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে, আশেপাশে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সরকার তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person) হিসেবে ঘোষণা করে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। সূত্র: যুগান্তর/ স/হ/ন ০২/১২/২০২৫

Related Articles