রোনাল্ডো-মদ্রিচের শেষ বিশ্বকাপ, টরন্টোয় মহারণ আজ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ বত্রিশে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি শুধু নকআউট লড়াই নয়, ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লুকা মদ্রিচের সম্ভাব্য শেষ বিশ্বকাপ দ্বৈরথও।

গ্রুপ ‘কে’ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে পর্তুগাল। তিন ম্যাচে তারা করেছে ৬ গোল, হজম করেছে মাত্র ১টি। অন্যদিকে গ্রুপ ‘এল’ থেকে ছয় পয়েন্ট নিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। তিন ম্যাচে তাদের গোল ৫টি, হজমও ৫টি।

৪১ বছর বয়সী রোনাল্ডো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১০, যা দেশের হয়ে ইউসেবিওর রেকর্ডও ছাড়িয়েছে।

অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ এখনও এই বিশ্বকাপে গোল না পেলেও ক্রোয়েশিয়ার মাঝমাঠের প্রাণভোমরা হয়ে আছেন। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করা এই তারকার অভিজ্ঞতাই দলের সবচেয়ে বড় শক্তি।

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, নকআউট পর্ব একটি নতুন বিশ্বকাপের শুরু, যেখানে ভুলের সুযোগ নেই। আর ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচের মতে, ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে মাঝমাঠের লড়াইয়ে।

রিয়াল মাদ্রিদের সাবেক দুই সতীর্থ রোনাল্ডো ও মদ্রিচ এবার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছেন। জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন অথবা অস্ট্রিয়ার।

Related Articles