স্ট্রেস কেন ক্ষুধা বদলে দেয়, কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়

ছবি: সংগৃহীত

মানসিক অশান্তি ও স্ট্রেস আমাদের মন–শরীরের ওপর ব্যাপক প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে তৈরি হওয়া স্ট্রেস শুধু মানসিক স্বাস্থ্যে নয়, ক্ষুধা–খাদ্যাভ্যাসেও বড় পরিবর্তন আনতে পারে।

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি স্ট্রেস সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রাজিতা সিনহা বলেন, মানসিক চাপের সময় শরীরের হাইপোথ্যালামাস সক্রিয় হয়ে ওঠে। এরপর অ্যাড্রেনালিন ও কর্টিসলসহ বিভিন্ন হরমোন নিঃসরণ বাড়ে, যা হৃদস্পন্দন, রক্তচাপ এবং ক্ষুধায় সরাসরি প্রভাব ফেলে।

তিনি জানান, স্ট্রেস কখনো ক্ষুধা বাড়ায়, কখনো সম্পূর্ণ দমিয়ে দেয়—কারণ পাকস্থলী, অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে সরাসরি স্নায়বিক যোগ রয়েছে। ভেগাস নার্ভের কার্যক্রম কমে গেলে পেট ভরার অনুভূতিও বিকৃত হয়। এ সময় রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, ইনসুলিন কার্যকারিতা কমে, যা দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে।

অন্যদিকে, চিকিৎসক ডা. স্টোরোনি বলেন, স্ট্রেস ইটিং বন্ধের সবচেয়ে কার্যকর উপায় হলো—আগাম পরিকল্পনা ও পর্যাপ্ত ঘুম। ঘুম হাইপোথ্যালামাস, পিটুইটারি ও অ্যাড্রিনাল গ্রন্থিকে পুনরায় ভারসাম্যে ফিরিয়ে আনে, স্ট্রেস–হরমোন উৎপাদন কমায়। ঘুমের অভাবে মিষ্টি বা অতিরিক্ত খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়।

তিনি আরও বলেন, নিয়মিত ব্যায়াম শরীরকে দ্রুত রিল্যাক্সড অবস্থায় ফেরায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়। মানসিক চাপ বাড়ার সম্ভাবনা থাকলে আগেভাগে এই বিষয়গুলোতে মনোযোগ দিলে অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা।

Related Articles