দেশজুড়ে পাঁচ দিনের বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শনিবার ও রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। শনিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার ও মঙ্গলবারও দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে, আর মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও এই সময়ের শেষ দিকে তা কিছুটা কমে আসতে পারে।

Related Articles