বিটরুটের জুসে বাড়ান হিমোগ্লোবিনের মাত্রা

ছবি: সংগৃহীত

কাজ করার একদম এনার্জি পান না? সারাদিন ঝিমিয়ে থাকেন? এটা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। যদি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে শরীরজুড়ে এমন ক্লান্তি কাজ করে। শরীরে অক্সিজেনেরও ঘাটতি তৈরি হয়। আর নারীদের মধ্যে লো হিমোগ্লোবিন খুব সাধারণ সমস্যা। কিন্তু এর জন্য আয়রনের সাপ্লিমেন্ট নেওয়ার দরকার নেই। বরং প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন বিটরুট। এই শীতকালীন সবজিই দূর করে দেবে আপনার শরীরের রক্ত স্বল্পতার সমস্যা। বিশেষ করে নারীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে।

আর নারীর যদি কম হিমোগ্লোবিন থাকে, তাহলে আপেলের রস, ডালিমের রস এবং পালংশাকের স্মুদি নিয়মিত পান করার অভ্যাস গড়ে তুলুন। এটি ভীষণ উপকারী। কারণ এসবে প্রচুর পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে, যা রক্তকণিকা তৈরি ও আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে। এ ছাড়া গুড়-তিল, কিশমিশ-খেজুর, আর ভিটামিন সি সমৃদ্ধ খাবার (যেমন লেবু) মিশিয়ে খেলে হিমোগ্লোবিন তর তর করে বেড়ে যায়।

আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে রক্ত স্বল্পতা দেখা দেয়। তখন শরীরে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা, ফ্যাকাশে ত্বক, শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং মাথাব্যথার মতো নানা উপসর্গ দেখা দেয়। বিশ্বজুড়ে অসংখ্য নারী এ সমস্যায় ভোগে থাকেন। বাদ নেই কিশোরী-তরুণীরাও। পুষ্টিকর খাবার না খাওয়া এবং আয়রনের ঘাটতিই এ সমস্যার প্রধান কারণ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বুঝতে পারেন না যে, তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে। এ ছাড়া অনেকেই আয়রন ট্যাবলেট খেতে চান না। এ ক্ষেত্রে প্রাকৃতিক উপায়েই হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারেন। আর এখানেই কাজে আসে বিটরুট।

বিটরুট হচ্ছে পুষ্টির ভাণ্ডার। বিট খেলেই হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে। এই সবজির মধ্যে আয়রন, ফলিক অ্যাসিড, ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যা লোহিত কণিকার সংখ্যা বাড়াতে সাহায্য করে। এ ছাড়া বিটের মধ্যে ভিটামিন সি রয়েছে, যা আয়রন শোষণে সাহায্য করে।

শুধু আয়রন সমৃদ্ধ খাবার খেলেই হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে না, তার সঙ্গে ভিটামিন সি-ও খেতে হবে। আর বিট খেলে দুই উপাদানই পাওয়া যায়। এতে গোটা দেহে অক্সিজেন সঞ্চালনও সচল থাকে।

প্রতিদিন এক গ্লাস করে বিটের জুস খান। এ ছাড়া বিটের সালাদ কিংবা তরকারিও সমানভাবে খেতে পারেন। ব্রেকফাস্টে বিটের স্মুদিও বানিয়ে খেতে পারেন। বিটের সঙ্গে লেবু কিংবা আমলকীও খেতে পারেন। এতে ভিটামিন সি রয়েছে, যা আয়রন শোষণের ক্ষমতা আরও বাড়িয়ে দেবে।

২০২১ সালে ওপেন অ্যাক্সেস ম্যাসেডোনিয়ান জার্নাল অব মেডিকেল সায়েন্সেসে প্রকাশিত এক গবেষণা থেকে জানা গেছে, যে কিশোরী-তরুণীরা প্রতিদিন বিটের রস খেয়েছে, দুই সপ্তাহে তাদের হিমোগ্লোবিনের মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গড়ে ১১.৪৭ গ্রাম/ ডেসিলিটার থেকে ১২.০২ গ্রাম/ ডেসিলিটার হয়েছে।

আর নারীর ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ১২ থেকে ১৬ গ্রাম/ ডেসিলিটার। সুতরাং শুধু বিটের রস খেয়েই আপনি আয়রনের ঘাটতি মেটাতে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারবেন।

Related Articles