খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, জটিলতা কাটেনি

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করছেন ডা: এ জেড এম জাহিদ হোসেন | সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া'র শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। বরং পরিস্থিতি এখনো জটিল এবং তিনি ঝুঁকিপূর্ণ সময় অতিক্রম করছেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানান, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতাল–এ ভর্তি থাকা খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। এসব সমস্যার ওঠানামার মধ্যেই তার চিকিৎসা চলছে।

মেডিক্যাল বোর্ড সূত্রে জানা যায়, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। এ চিকিৎসা কার্যক্রমে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান-ও যুক্ত আছেন।

এদিকে, শনিবার রাতে আবারও মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সেখানে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করে রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হলেও, শারীরিকভাবে আকাশপথে ভ্রমণের অনুপযোগী হওয়ায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বর্তমানে দেশেই তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

Related Articles