স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মৃতদেহের সঙ্গে সেলফি
- by Maria Sultana
- December 2, 2025
- 30 views
ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলে ঘটেছে ভয়াবহ ও নৃশংস এক ঘটনা। স্ত্রীকে কুপিয়ে হত্যার পর তার মৃতদেহের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন এক ব্যক্তি। রোববার তামিলনাড়ুতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শ্রী প্রিয়া। তিনি কোয়েম্বাটোরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্বামী বালামুরুগম তিরুনেলভেলির বাসিন্দা। দাম্পত্য কলহের কারণে তারা আলাদা থাকতেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্ত্রী পরকীয়ায় জড়িত—এমন সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন বালামুরুগম কোয়েম্বাটোরের একটি নারী হোস্টেলে যান। নিজের পোশাকে লুকিয়ে একটি দা নিয়ে তিনি শ্রী প্রিয়ার সঙ্গে দেখা করতে চান। দেখা হওয়ার পর তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং তা দ্রুত সহিংসতায় রূপ নেয়। পরে লুকানো দা বের করে তিনি শ্রী প্রিয়াকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন।
পুলিশ জানায়, হত্যার পর বালামুরুগম স্ত্রীর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করেন। সেখানে তিনি স্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিযোগও করেছেন। এ ঘটনায় হোস্টেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত পালানোর চেষ্টা না করে ঘটনাস্থলেই ছিলেন। পরে পুলিশ গিয়ে সরাসরি সেখান থেকেই তাকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত দাটিও উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বালামুরুগম সন্দেহ করতেন তার স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। পুলিশ ঘটনার সব দিক তদন্ত করছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ০২/১২/২০২৫

