শেখ হাসিনার সমালোচনায় রিজভী

ছবি: সংগৃহীত

টকশোতে অনেকে ইনিয়ে-বিনিয়ে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনা এ দেশের মানুষের রক্ত ঝরিয়েছেন। তার বাবাও একই কাজ করেছেন। শেখ হাসিনা যদি ফিরে এসে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া ও টিক্কা খান কোনো দোষ করেছে কি না—এ প্রশ্নও তোলেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অনেক উপস্থাপক-উপস্থাপিকাকে টকশোতে নানাভাবে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করতে দেখা যাচ্ছে। যারা ৫ আগস্টের পরে ছিলেন না, তারাও ধীরে ধীরে ফিরে এসে শেখ হাসিনার গুণগান করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা এত সাহসী হলে দেশ ছেড়ে পালালেন কেন? বেগম খালেদা জিয়া দেশ ছাড়েননি। শেখ হাসিনা কতটা নিষ্ঠুর হতে পারেন, তা কারাগারে নেতাদের ওপর নির্যাতনের ঘটনা না দেখলে বোঝা যাবে না। ফ্যাসিস্ট দলকে ফিরিয়ে আনা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

যাত্রাবাড়ী ও রায়েরবাগের প্রতিরোধ প্রসঙ্গে রিজভী বলেন, এসব ঘটনা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় বহু মানুষ নিহত হন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

জামায়াত প্রসঙ্গে রিজভী বলেন, তাদের রাজনীতি বারবার ঘোলা পানিতে মাছ শিকারের মতো। ধর্মের নামে রাজনীতি করলেও তাদের আদর্শ নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও মূল্যায়ন করা উচিত। একই সঙ্গে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

Related Articles