ফিফার সূচি নিয়ে ক্ষুব্ধ স্কালোনি
- by Maria Sultana
- July 18, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে ফাইনালের আগে ফিফার নির্ধারিত সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা। কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই বাধ্যতামূলক অনুশীলন ও মিডিয়া কার্যক্রমে অংশ নিতে হয় দলটিকে। স্কালোনির অভিযোগ, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ায় দলের কৌশলগত প্রস্তুতিও ব্যাহত হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি বলেন, দল রাতে পৌঁছানোর পরদিনই এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা তারা চায়নি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে অনুশীলন সেশনও সীমিত করতে হয়েছে বলে জানান তিনি।
এর আগে নকআউট পর্বে ব্যস্ত সূচি ও বিশ্রামের অভাব নিয়েও অসন্তোষ জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। তার মতে, বিশ্বকাপের শেষ দিকে খেলোয়াড়দের পুনরুদ্ধারের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে তারা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না।
ফাইনালের আগে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজসহ দলের কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়েও সতর্ক আছেন স্কালোনি। তিনি জানান, খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়ন করে একাদশের সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা জিতলে ৬৪ বছর পর টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা।

