শততম ম্যাচে স্বস্তির জয়, দলের লড়াইয়ে মুগ্ধ স্কালোনি
- by Maria Sultana
- July 4, 2026
- 4 views
ছবি: সংগৃহীত
কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়টি মোটেও সহজ ছিল না। অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের কঠিন লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, এই দল কখনও হাল ছাড়ে না, আর সেটিই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি।
আর্জেন্টিনার কোচ হিসেবে এটি ছিল স্কালোনির ১০০তম ম্যাচ। মাইলফলক ম্যাচে জয় পাওয়ায় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আমার শততম ম্যাচ হেরে যাওয়া মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো।’
ম্যাচটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতা উল্লেখ করে স্কালোনি বলেন, ‘এটা ছিল খুব কঠিন একটি ম্যাচ। তবে ইতিবাচক দিক হলো, এই দল কখনও হাল ছাড়ে না। আমি প্রতিপক্ষ কেপ ভার্দেকেও অভিনন্দন জানাই। সবাই বলে সহজ কোনো প্রতিপক্ষ নেই, আজ তারা সেটিই প্রমাণ করেছে।’
তিনি আরও বলেন, শততম ম্যাচেই বিদায় নেওয়ার সম্ভাবনা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। স্কালোনির ভাষায়, ‘১০০ ম্যাচের মধ্যে এটাই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। হেরে গেলে সেটা দুঃস্বপ্নের মতো হতো।’
কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মুখোমুখি হবে মিশরের।

