টানা ষষ্ঠ রাতেও ইরানে মার্কিন হামলা, নিহত ৮
- by Maria Sultana
- July 17, 2026
- 5 views
ছবি: সংগৃহীত
টানা ষষ্ঠ রাতের মতো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইরানের একাধিক শহর ও পাঁচটি সেতুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় অন্তত আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
আইআরআইবির তথ্যমতে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া হরমোজগান প্রদেশের বন্দর খামিরের কাছে দুটি সেতুতে পৃথক হামলায় সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।
কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে চারটি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে আইআরআইবি। একই সময়ে আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, হরমোজগান প্রদেশের সিরিক শহরেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তাসনিম আরও জানায়, ক্ষতিগ্রস্ত সেতুগুলোর মধ্যে বন্দর আব্বাস-শিরাজ সেতুও রয়েছে। হামলার পর ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসের পশ্চিমে তিনটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মেহের নিউজ এজেন্সি বন্দর আব্বাসে হামলার পর ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশহর বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের খবর দিয়েছে সংবাদমাধ্যমটি।
খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে মেহের নিউজ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের আশপাশেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।
পরে ফারস নিউজ এজেন্সি জানায়, মার্কিন হামলায় মোট পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গারিভেহ ও কাহুরেস্তান সেতুও রয়েছে, যেগুলো ইরানের অভ্যন্তরীণ রসদ সরবরাহ ও সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
এদিকে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর দাবি করেছে, তারা কুয়েতে মার্কিন বাহিনীর অবস্থান ও তাদের লজিস্টিক সাপোর্ট সেন্টার লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
আরেক বিবৃতিতে ইরানি বাহিনী জানায়, সিরিয়ার আল-তানফে মার্কিন বিশেষ বাহিনীর একটি কমান্ড সেন্টারে আকস্মিক হামলায় একটি রাডার সিস্টেম ও কয়েকটি বিশেষ অভিযান পরিচালনাকারী হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের নতুন আক্রমণাত্মক অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি ছিল টানা ষষ্ঠ রাতের সামরিক অভিযান।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
যদিও গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল, তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় উভয় পক্ষ আবারও হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৭/০৭/২০২৬

