বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
- by Maria Sultana
- November 28, 2025
- 102 views
ছবি: সংগৃহীত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কার উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ক্রমেই শক্তি সঞ্চয় করছে। ঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৯০০ কিলোমিটার, মোংলা থেকে ১৮৪৫ কিলোমিটার এবং পায়রা থেকে ১৮৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ২৮/১১/২০২৫

