মেসির আত্মসমালোচনা, শেষ ষোলোতে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ের পর আত্মসমালোচনা করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তিনি স্বীকার করেন, পুরো ম্যাচে দলের প্রেসিং ও সমন্বয়ে ঘাটতি ছিল। তবে এই জয়ের মাধ্যমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে মেসি বলেন, এই আর্জেন্টিনা দল বহুদিন ধরেই শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা দেখিয়ে আসছে। তিনি বলেন, সেট পিস থেকে গোল পাওয়া দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ আগের ম্যাচগুলোতে এই সুযোগ কাজে লাগানো যাচ্ছিল না। তার মতে, আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই সেট পিস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে দল, যা বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন মেসি। তিনি বলেন, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা কার্যকরভাবে প্রেস করতে পারেনি। ডিফেন্সিভ পিভট থেকে সেন্টার-ব্যাকদের চাপে ফেলতে গিয়ে লাইনগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। ফলে প্রতিপক্ষ সহজেই বাড়তি খেলোয়াড়ের সুবিধা নিয়ে বল নিয়ন্ত্রণ করেছে এবং আর্জেন্টিনাকে দৌড় করিয়েছে।

মেসি বলেন, প্রথম গোল করার পর দল ভেবেছিল নিজেদের স্বাভাবিক খেলায় ফিরতে পারবে। কিন্তু উল্টো বারবার বল হারিয়েছে, প্রেসিংয়ে ব্যর্থ হয়েছে এবং প্রতিপক্ষ ম্যাচে ফিরে এসেছে। তিনি জানান, কেপ ভার্দেকে কখনোই সহজ প্রতিপক্ষ হিসেবে নেননি, কারণ তারা এর আগেও শক্তিশালী দলগুলোর বিপক্ষে কঠিন লড়াই করেছে।

আর্জেন্টিনা অধিনায়ক বলেন, নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয় এবং এবারের বিশ্বকাপ সেটিই প্রমাণ করছে। তার মতে, প্রতিটি ম্যাচই সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই এখন দলের ইতিবাচক দিকগুলো ধরে রেখে ভুলগুলো দ্রুত শুধরে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কষ্টার্জিত জয়ে শেষ ষোলোতে ওঠা লিওনেল স্কালোনির দলের পরবর্তী প্রতিপক্ষ মিশর। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর।

Related Articles