হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
- by Ibrahim Akon
- December 18, 2025
- 12 views
ডেস্ক রিপোর্ট: বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা-বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হতে পারে আজ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করে। মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শত শত মানুষকে বেআইনিভাবে আটক রেখে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার আবদুল্লাহিল আমান আযমী, মাইকেল চাকমাসহ ২৬ জন পরবর্তীতে মুক্তি পান। অভিযোগে বলা হয়, এসব গুম ও নির্যাতনের নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং তা সেনা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন।
মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক, পাঁচজন পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আসামি করা হয়েছে। এদের মধ্যে তিনজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
এদিকে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

