প্রচণ্ড ঠান্ডায় জমে গাজায় এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু
- by Maria Sultana
- December 17, 2025
- 11 views
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র শীতের কারণে জমে এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে যে, মাত্র দুই সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল-খাইর হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধের ফলে গাজার মৌলিক সুরক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ভেঙে পড়ায় এই মৃত্যু ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, পরিবারগুলো ভেজা মাটির ওপর তাঁবুতে বসবাস করছে, যেখানে উত্তাপ নেওয়ার কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই এবং পর্যাপ্ত পোশাকের অভাব রয়েছে। খাদ্য, জ্বালানি, আশ্রয় ও মানবিক সহায়তা একসঙ্গে সীমিত হয়ে পড়ায় ঠান্ডা প্রাণঘাতী রূপ নিচ্ছে।
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজাজুড়ে ৮০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে লক্ষাধিক পরিবার দুর্বল তাঁবু কিংবা জনাকীর্ণ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছে।
সম্প্রতি প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে উপত্যকাজুড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। প্রচণ্ড বাতাসে অনেক তাঁবু প্লাবিত হয়ে ধসে পড়েছে।
গাজা সিটি থেকে আল জাজিরাকে বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি মা উম্মে মোহাম্মদ আসালিয়া বলেন, ‘আমরা আগুন জ্বালিয়ে শিশুদের কাপড় শুকানোর চেষ্টা করছি। আমাদের শিশুদের জন্য অতিরিক্ত কাপড় নেই। যে তাঁবু দেওয়া হয়েছে, তা শীত সহ্য করতে পারে না। আমাদের কম্বল দরকার।’
এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরাইলি সরকার গাজায় সরাসরি মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত ভবন ধসে মানুষ মারা গেছে এবং ঠান্ডার সংস্পর্শে এসে শিশুদের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

