নিরাপত্তা চাইলেন কিশোরগঞ্জ-৪ ও বরিশাল-৩ আসনের প্রার্থীরা
- by Ibrahim Akon
- December 18, 2025
- 12 views
সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থী কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চেয়েছেন। তারা বুধবার (১৭ ডিসেম্বর) পৃথকভাবে নির্বাচন ভবনে গিয়ে আবেদন করেন।
কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী সিগমা বলেন, তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং ইতিমধ্যেই ব্যাপক জনসমর্থন পেয়েছেন। তবে তার অভিযোগ, আইনানুগ গণসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি এবং ভীতি প্রদানের উদ্দেশ্যে অষ্টগ্রাম থানার পুলিশ তৎপর রয়েছে। ১৬ ডিসেম্বর রাতে তার একজন কর্মী মো. কিয়ামত আলীকে গ্রেপ্তার করে ভুয়া মামলায় আদালতে পাঠানো হয়েছে।
সিগমা উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত কিয়ামত আলী একজন নিরীহ ব্যক্তি, পূর্বে কোনো মামলা বা অভিযোগে জড়িত ছিলেন না। তাকে ২০২৪ সালের ৯ নভেম্বর দায়ের করা একটি মিথ্যা মামলায় আসামি দেখানো হয়েছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের পদক্ষেপ শুধু কর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু ও প্রশ্নাতীত করার প্রয়োজন।
অপরদিকে, বরিশাল-৩ আসনের প্রার্থী ফুয়াদও কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রার্থী ফুয়াদ পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ এনেছেন। তিনি আরও বলেন, সব প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

