গুলশান থানার মামলায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন গ্রেপ্তার দেখানো
- by Ibrahim Akon
- December 17, 2025
- 12 views
মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন। ছবি: সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। আদালতে গ্রেপ্তার দেখানোর পর কাঠগড়ায় দাঁড়িয়ে সুমাইয়া জাফরিন কান্নায় ভেঙে পড়েন। তবে তিনি এ সময় কোনো বক্তব্য দেননি।
পুলিশ জানায়, মামলার তদন্তে গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুমাইয়া জাফরিনের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। তদন্তে প্রাপ্ত জবানবন্দি ও স্থানীয় অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, তিনি নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিলে অংশ নিয়েছিলেন এবং সংগঠনটির অর্থ জোগান, পরামর্শ ও নির্দেশনা প্রদানের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত ৬ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কথিত একটি গোপন বৈঠকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। পরদিন আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মেজর সাদিকুল হক বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল সকাল ৭টার দিকে গুলশান-১ এর জব্বার টাওয়ারের পাশে সড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৩৫ জনের একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা দেশবিরোধী স্লোগান দেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যান। পরে পুলিশ বাদী হয়ে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।

