কিডনিতে পাথরের ৫ লক্ষণ, যা অবহেলা নয়
- by Maria Sultana
- July 21, 2026
- 5 views
ছবি: সংগৃহীত
বর্তমানে শুধু বয়স্ক নয়, অনেক তরুণও কিডনির পাথরের সমস্যায় ভুগছেন। একইভাবে অনেকে মূত্রথলির পাথরের সমস্যাতেও আক্রান্ত হচ্ছেন। শুরুতেই লক্ষণ শনাক্ত করে চিকিৎসা নিলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, কিডনিতে পাথরের সমস্যা অনেক সময় শুরুতে বোঝা যায় না। তবে কিছু সাধারণ লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। ভারতের গণমাধ্যম ‘নিউজ১৮’-এর এক প্রতিবেদনে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের ইউরোলজিস্ট অনিল কুমার বার্ষ্ণেয় কিডনিতে পাথরের পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা জানিয়েছেন।
পিঠের নিচের অংশে তীব্র ব্যথা
কিডনিতে পাথর হলে অনেক সময় পিঠের নিচের অংশে বা মেরুদণ্ডের দুই পাশে তীব্র ব্যথা অনুভূত হয়। এ ব্যথা ধীরে ধীরে পেট ও শ্রোণী অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। অনেক ক্ষেত্রে হাঁটা বা দাঁড়ানো কঠিন হয়ে যায়।
প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা
কিডনি ও মূত্রাশয়ের সংযোগকারী নালিতে পাথর আটকে গেলে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যাকে ডিসইউরিয়া বলা হয়।
প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া
কিডনিতে পাথর হলে প্রস্রাবে রক্ত দেখা দিতে পারে, যাকে হেমাটুরিয়া বলা হয়। প্রস্রাবের রং লাল, গোলাপি বা বাদামি হতে পারে। অনেক সময় রক্তের পরিমাণ এত কম থাকে যে খালি চোখে বোঝা যায় না।
বমি বমি ভাব ও বমি
কিডনির পাথরের কারণে বমি বমি ভাব ও বমি হতে পারে। তীব্র ব্যথার কারণে শরীরের স্নায়ুতন্ত্রে প্রতিক্রিয়া তৈরি হয়ে এ ধরনের সমস্যা দেখা দেয়।
জ্বর ও কাঁপুনি
জ্বর ও কাঁপুনি কিডনি বা মূত্রনালীর সংক্রমণের লক্ষণ হতে পারে। কিডনিতে পাথরের সঙ্গেও এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তাই জ্বরের সঙ্গে ব্যথা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের পরামর্শ, এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। সময়মতো চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে কিডনির পাথরের জটিলতা অনেকটাই কমানো সম্ভব।

