ইউরোভিশন বাংলাদেশের সঞ্চালনায় ফিরছেন তাহসান
- by Maria Sultana
- July 21, 2026
- 7 views
ছবি: সংগৃহীত
অভিনয় থেকে বিরতি নেওয়া এবং নতুন গান প্রকাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এবার উপস্থাপনা নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান। আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তিনি।
এ প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ জনপ্রিয় শিল্পী ও সংগীতজ্ঞ। তারা হলেন—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।
বিশ্বের অন্যতম বৃহৎ লাইভ সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এবার প্রথমবারের মতো বাংলাদেশ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিতে যাচ্ছে।
বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আয়োজনে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস অংশ নেবে।
আগামী ২২ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান খান ও পাঁচ বিচারককে।
প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।
নতুন অনুষ্ঠানের প্রস্তুতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তাহসান। তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং সেখানে তরুণদের আশা-আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

