শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
- by Maria Sultana
- July 21, 2026
- 6 views
ছবি: সংগৃহীত
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এই প্রথম তিনি আন্দোলনের শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করতে যাচ্ছেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি সূত্র জানায়, মূলত শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে। নির্বাচনের আগে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া নেতাদেরও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে সামনে কীভাবে একসঙ্গে এগিয়ে যাওয়া যায়, শরিকদের মতামত ও পরামর্শসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারেক রহমান। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যুগপৎ আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হতে পারে।
তবে বিএনপি ও শরিক দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে শরিকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা বৈঠকে গুরুত্ব পেতে পারে।
শরিক দলগুলোর কয়েকজন নেতা মনে করছেন, নির্বাচন ও সরকার গঠনের পর গত কয়েক মাসে অনেক ক্ষেত্রে বিএনপির ‘একলা চলো নীতি’ দেখা গেছে। তাই বৈঠকে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও শরিকদের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পষ্ট ধারণা নিতে চান তারা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৈঠকে সরকার ও বিএনপির মনোভাব বোঝার চেষ্টা করবেন তারা। শরিকদের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপি কীভাবে এগোতে চায়, সেটি জানা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু জানান, ৩১ দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জাতীয় সরকার গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা করবেন তারা।
সূত্র: সমকাল/ স/হ/ন ২১/০৭/২০২৬

