জিয়াউল আহসানের ডুপ্লেক্সে দুদকের তল্লাশি
- by Maria Sultana
- July 21, 2026
- 6 views
ছবি: সংগৃহীত
রাজধানীর অদূরে পূর্বাচলে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ‘জলসিঁড়ি’ আবাসিক প্রকল্পের ‘জয়িতা’ ভবনের ৮ ও ৯ তলার ডুপ্লেক্স ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তল্লাশিতে দামি আসবাবপত্র, পোশাক, ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পাওয়া গেছে।
সোমবার (২১ জুলাই) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদক সূত্র জানায়, আদালতের আদেশে জিয়াউল আহসানের মালিকানাধীন ওই বাড়ি জব্দ করা হয়। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়িটির তালা খুলে কমিশনের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের নিয়ন্ত্রণে নেওয়ার অনুমতি দেওয়া হয়।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে তদন্ত টিম নারায়ণগঞ্জ জেলার আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজের উপস্থিতিতে ডুপ্লেক্স ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর ভেতরে থাকা বিভিন্ন সামগ্রীর তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ শুরু হয়।
দুদক জানিয়েছে, জিয়াউল আহসান পরিবারের সদস্যদের নিয়ে পূর্বাচলের ১২ নম্বর সেক্টরের ৫০৬ নম্বর সড়কের ১৪ নম্বর প্লটের ওই বাড়িতে বসবাস করতেন। ফ্ল্যাটে দামি চেয়ার, টেবিল, সোফা, আলমারিতে সাজানো পোশাক, মূল্যবান ইলেকট্রনিক পণ্য ও ধাতব সামগ্রী পাওয়া গেছে।
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে গত বছরের ২৩ জানুয়ারি জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্তে তাদের বিভিন্ন ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
দুদকের তথ্য অনুযায়ী, জিয়াউল আহসান ও তার স্ত্রীর ১২টি ব্যাংক হিসাবে ৩৪২ কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। তাদের নামে প্রায় ৪০ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও পাওয়া গেছে।
দুদকের অভিযোগ, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে নিজ নামে ২২ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে ১৮ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তার চারটি ব্যাংক হিসাবে ২২২ কোটি ৫০ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।
এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটেও তল্লাশি চালায় দুদক। সেখানে ২৬৯ ধরনের প্রায় দেড় হাজার মূল্যবান পণ্যের তালিকা তৈরি করা হয়। এসব পণ্যের মধ্যে দামি ঘড়ি, পোশাক, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী রয়েছে।
দুদক জানিয়েছে, জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে করা মামলার তদন্তের অংশ হিসেবেই পূর্বাচলের ডুপ্লেক্স ফ্ল্যাটে এই তল্লাশি চালানো হয়েছে।
সূত্র: সমকাল/ স/হ/ন ২১/০৭/২০২৬

