ভারতের প্রথম বেসরকারি রকেটের সফল উৎক্ষেপণ
- by Maria Sultana
- July 18, 2026
- 15 views
ছবি: সংগৃহীত
ভারতের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস সৃষ্টি করেছে হায়দরাবাদভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস। প্রতিষ্ঠানটির তৈরি ‘বিক্রম-১’ রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। এটি ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত রকেট, যা অরবিটাল মিশনে সফলতা অর্জন করেছে।
শনিবার শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে রকেটটি উৎক্ষেপণ করা হয়। নির্ধারিত সময়ের কিছু পরে উৎক্ষেপণ হলেও দুপুর ১২টা ২১ মিনিটে পেলোড সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়।
‘আগমন’ নামের এই মিশনের মাধ্যমে বৈশ্বিক উৎক্ষেপণ বাজারে ভারতের বেসরকারি মহাকাশ খাতের আনুষ্ঠানিক প্রবেশ ঘটেছে। ‘বিক্রম-১’ রকেটটি সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামোয় তৈরি এবং এতে স্কাইরুটের নিজস্ব প্রযুক্তির থ্রিডি প্রিন্টেড ইঞ্জিন ও কঠিন জ্বালানিচালিত বুস্টার ব্যবহার করা হয়েছে।
রকেটটি নিম্ন পৃথিবী কক্ষপথে সর্বোচ্চ ৩৫০ কেজি ওজনের ক্ষুদ্র উপগ্রহ বহনে সক্ষম। প্রথম পরীক্ষামূলক মিশনে এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি প্রদর্শনী পেলোড বহন করা হয়েছে।
এর আগে ২০২২ সালে স্কাইরুট ‘বিক্রম-এস’ রকেট উৎক্ষেপণ করেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণকে দেশের মহাকাশ খাতে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র: এনডিটিভি

