লুটপাট-দুর্নীতির জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা মানুষের কাছে এসেছেন। যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রার আগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতে থাকলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য থাকবে না।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চিতলমারীতে এই জুলাই পদযাত্রার আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ শেখ পরিবারের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে। তিনি চিতলমারীতে এনসিপির মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামির পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ভোট চান।

পথসভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহামুদা মিতুসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে জুলাই পদযাত্রা চিতলমারীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

Related Articles