লেবানন-সিরিয়া-গাজার নিরাপত্তা অঞ্চল ছাড়বে না ইসরাইল

ছবি: সংগৃহীত

ইসরাইল লেবানন, সিরিয়া ও গাজায় গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। বুধবার (১ জুলাই) তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মোতায়েন থাকবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী জনপদ ও ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৬ সালের লেবানন যুদ্ধে নিহত সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কাটজ বলেন, নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সেনা সরানো হবে না। একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি বলেন, লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের জেরে তেহরান হামলা চালালে তার পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করলেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরাইল। দেশটির দাবি, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র হওয়ার পরই সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

Related Articles