চট্টগ্রাম-৪ আসনে আবারও ভোটের সম্ভাবনা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এ আসনের ভোটাররা আবারও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন। মঙ্গলবার বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর শপথ বিষয়ে আপিল বিভাগের রায়ের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।

মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। তবে আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্টের আদেশে তার প্রার্থিতা বহাল থাকে।

তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী ঋণখেলাপির অভিযোগ তুলে লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল গ্রহণ করে আপিল বিভাগ আদেশ দেন। ওই আদেশে বলা হয়, আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

Related Articles