আবার কমল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর মঙ্গলবার (৩০ জুন) আরও ৩ হাজার ৩২৪ টাকা হ্রাস করা হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য মঙ্গলবার সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪১ বার দাম বাড়ানো হয়েছে, ৪২ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Related Articles