স্পিকারের দায়িত্ব শেষে রাজনীতি ছাড়তে চান মেজর হাফিজ
- by Maria Sultana
- June 30, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
স্পিকারের দায়িত্ব শেষ করার পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, চলমান বাজেট অধিবেশন পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চান। সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে তিনি জানান, বিএনপির সদস্য হলেও দায়িত্ব পালনের সময় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান।
মেজর হাফিজ বলেন, সংসদ পরিচালনার দায়িত্ব অনেকটা ফুটবল ম্যাচের রেফারির মতো। দুই দল খেলবে, আর তারা যাতে নিয়ম ভঙ্গ না করে, কিংবা করলে প্রয়োজন অনুযায়ী ইয়েলো কার্ড বা রেড কার্ড দেখানো যায়—সেই প্রস্তুতি তার রয়েছে। তিনি বলেন, সবসময় চেষ্টা থাকবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার।
তিনি আরও বলেন, দলীয় অন্ধ সমর্থক হতে চান না। কোনো দলের বোঝা বহন না করে সরকার ও বিরোধী—উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য এমন সমাধান দেওয়ার চেষ্টা করবেন।
গণঅভ্যুত্থানের পর গঠিত সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, এবার কারচুপির মাধ্যমে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্যরা এসেছেন। তার বিশ্বাস, ত্রয়োদশ জাতীয় সংসদ আগের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী হবে।
তিনি বলেন, বিশ্বের অন্য অনেক সংসদের সদস্যদের এমন ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নেই, যা এই সংসদের সদস্যদের রয়েছে। তাই তার প্রত্যাশা, এই সংসদ অতীতের সব সংসদকে ছাড়িয়ে যাবে এবং জনকল্যাণে আরও ভালো দৃষ্টান্ত স্থাপন করবে।
দেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, এই গণতন্ত্রের সুফল যাতে জনগণ ভোগ করতে পারে, সে লক্ষ্যে সরকার ও বিরোধী দল উভয়ই আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য হাফিজ উদ্দিন আহমেদ ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তিনি রাজনীতিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলায় কারাগারেও থাকতে হয়েছে তাকে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্য ভোলা থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া বাণিজ্য, পানিসম্পদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন। প্রায় ৫৫ বছরের রাজনৈতিক জীবনের পর স্পিকারের দায়িত্ব শেষ করেই অবসর নিতে চান এই অভিজ্ঞ রাজনীতিক।
তিনি বলেন, এই অবস্থানে পৌঁছাতে তাকে অনেক পরিশ্রম ও কষ্ট করতে হয়েছে। তিনি কখনো ধন-সম্পদ অর্জনের উদ্দেশ্যে রাজনীতি করেননি, তাই এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তবে আল্লাহ অন্যভাবে তাকে সম্মান দিয়েছেন। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনকেই তিনি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পুরস্কার বলে মনে করেন।
শেষে মেজর হাফিজ বলেন, একসময় তো অবসর নিতেই হবে। তার বিশ্বাস, সেই সময় এখন এসে গেছে।

