দোহায় মার্কিন-ইরানি প্রতিনিধিদের সরাসরি বৈঠকের সম্ভাবনা নাকচ করল কাতার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করলেও তারা সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠকে বসছেন না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার বর্তমানে দোহায় রয়েছেন। তবে ইরানের সঙ্গে কোনো উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক এই মুহূর্তে নির্ধারিত হয়নি।

তিনি বলেন, মার্কিন প্রতিনিধিরা কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন এবং যুক্তরাষ্ট্র-ইরানের চলমান পরোক্ষ আলোচনা ও সমঝোতা স্মারকের অগ্রগতি পর্যালোচনা করবেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের অনুরোধেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইরান তাৎক্ষণিকভাবে সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো পর্যায়েই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি।

ইরানের কর্মকর্তাদের ভাষ্য, দোহায় অবস্থানরত তাদের কারিগরি দল কেবল মধ্যস্থতাকারীদের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা করছে।

Related Articles